মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
spot_img
Homeমুল পাতামোজতবা খামেনির তথ্য দিলে কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

মোজতবা খামেনির তথ্য দিলে কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

প্রাইম ভিশন ডেস্ক »

ইরান ও আমেরিকার মধ্যে চলমান সংঘাত দৈনিকই নাটকীয় মোড় নিচ্ছে। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ দেশটির ১০ জন জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার তথ্য দেওয়ার বিনিময়ে ১ কোটি (১০ মিলিয়ন) ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট ‘রিওয়ার্ড ফর জাস্টিস’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, এই পুরস্কারের মূল লক্ষ্য হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে যুক্ত শীর্ষ কর্মকর্তারা।

 

তালিকায় প্রধান নাম হিসেবে রয়েছেন মোজতবা খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় তাঁর বাবা আলী খামেনি নিহত হওয়ার পর তিনি স্থলাভিষিক্ত হন। যদিও মোজতবা খামেনি ওই হামলায় আহত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে এবং গত বৃহস্পতিবারের একটি বিবৃতি ছাড়া তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। এ ছাড়া তালিকায় রয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি, গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দর মোমেনি।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, ইরানের নেতৃত্ব মাটির নিচে ‘লুকিয়ে’ আছে। তবে বার্তা সংস্থা রয়টার্স কর্তৃক যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে, আলি লারিজানি গতকাল শুক্রবার তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে একটি সমাবেশে অংশ নিয়েছেন। তাঁরা সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়েছেন, এমনকি গণমাধ্যমে লাইভ সাক্ষাৎকারও দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, আইআরজিসি বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের পরিকল্পনা ও পরিচালনা করে। ওয়াশিংটন আরও অভিযোগ করেছে, ২০২০ সালে কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য কর্মকর্তাদের ওপর গুপ্তহত্যার চক্রান্ত করছে।

ইরান বরাবরই সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের মতে, মার্কিন এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা বা চাপ সৃষ্টি করার একটি অজুহাত মাত্র।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়