প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেওয়ার পর অসুস্থ স্ত্রী ও নবজাতককে ফেলে পালিয়ে গেছেন এক স্বামী। ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার (২১ এপ্রিল) মানবিক উদ্যোগ নিয়ে ওই মা ও শিশুর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জানা যায়, গত ১৬ এপ্রিল প্রসববেদনা উঠলে শাহনাজ বেগম শেলী নিজেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা প্রথমে স্বাভাবিক প্রসবের চেষ্টা চালালেও জটিলতার কারণে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। তবে সন্তান জন্মের পরপরই তার স্বামী বেলাল আহমেদ তাকে হাসপাতালে রেখে পালিয়ে যান।
এদিকে, ২০ এপ্রিল নবজাতকের শরীরে জন্ডিস ধরা পড়লে তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ফোটোথেরাপি দেওয়ার পর বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং মঙ্গলবার নিজেই হাসপাতালে গিয়ে মা ও শিশুর খোঁজ নেন। এ সময় তিনি নগদ অর্থসহায়তার পাশাপাশি শিশুখাদ্য, পোশাক, ডায়াপারসহ প্রয়োজনীয় সামগ্রী এবং মায়ের জন্য খাদ্য ও পোশাক প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, বাচ্চাটি এখন সুস্থ আছে। খুব শিগগিরই তাকে মায়ের কাছে দেওয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মা ও শিশুর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হচ্ছে। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কেউ যেন নিজের পরিবারকে এভাবে ফেলে না যায়—এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
নবজাতকের মা শাহনাজ বেগম বলেন, মেয়ে সন্তান হলে স্বামী তাকে রেখে যাবে—এ কথা আগে থেকেই জানিয়েছিলেন তিনি। সন্তান জন্মের পর থেকে স্বামী আর কোনো খোঁজ নেননি বলেও জানান তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও এনআইসিইউ প্রধান ডা. মোহাম্মদ শাহীন বলেন, প্রতিটি রোগীই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে জেলা প্রশাসক নিজে থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন এবং শিশুটির চিকিৎসার বিষয়ে আন্তরিকভাবে অনুরোধ করেছেন। আমরাও সর্বোচ্চ চেষ্টা করেছি। জেলা প্রশাসককে মা ও শিশুর জন্য উপহার নিয়ে আসতে দেখে সত্যিই ভালো লেগেছে। এটি নিঃসন্দেহে একটি মানবিক উদ্যোগ।


