প্রাইম ভিশন ডেস্ক »
বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার দাম্পত্য সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে চলা গুঞ্জন এবার নতুন মোড় নিয়েছে। কয়েকদিন ধরে তাদের বিচ্ছেদের খবর ঘিরে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা চললেও অবশেষে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মৌনীর কিছু কার্যক্রম ঘিরেই মূলত গুঞ্জনের শুরু। ভক্তদের নজরে আসে, নিজের প্রোফাইল থেকে বিয়ের কয়েকটি ছবি সরিয়ে ফেলেছেন তিনি। একইসঙ্গে স্বামী সুরজ নাম্বিয়ারকেও আর অনুসরণ করছেন না মৌনী। এমনকি মৌনীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দিশা পাটানিও সুরজকে আনফলো করেছেন বলে জানা যায়। এরপর থেকেই খবর রটে, এ দম্পতি এখন আর একসঙ্গে থাকছেন না।
তবে এতসব আলোচনার মধ্যেও এতদিন নীরব ছিলেন মৌনী ও সুরজ। অবশেষে মুখ খুলে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।
মৌনী বলেন, ‘সমাজমাধ্যমে আমাদের নিয়ে অনেক কিছু দেখছি। সবাইকে অনুরোধ করব, মিথ্যা তথ্য ছড়াবেন না।’
প্রসঙ্গত, মৌনীর স্বামী সুরজ নাম্বিয়ারের জন্ম বেঙ্গালুরুতে। জৈন ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি আর.ভি. কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান এবং ফিন্যান্সিয়াল অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি দুবাইয়ে তার বাবার ব্যবসা দেখাশোনা করছেন।
এদিকে মৌনী রায় অভিনীত নতুন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৫ জুন।
উল্লেখ্য, ২০২২ সালে ভারতের গোয়ায় জমকালো আয়োজনে বিয়ে করেন মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার। বাঙালি ও মালয়ালি- দুই রীতিতেই অনুষ্ঠিত হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দীর্ঘদিন ধরেই এই তারকা দম্পতিকে সুখী জুটি হিসেবেই দেখেছেন ভক্তরা।


