শনিবার, মে ১৬, ২০২৬
spot_img
Homeমুল পাতাক্রীড়া ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের সবচেয়ে উজ্জ্বল প্রতিচ্ছবি : মীর হেলাল

ক্রীড়া ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের সবচেয়ে উজ্জ্বল প্রতিচ্ছবি : মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, একটি সুস্থ, সচেতন ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ক্রীড়া ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের সবচেয়ে উজ্জ্বল প্রতিচ্ছবি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে, সুস্থ শরীর ও সৃজনশীল মনই পারে একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে।

শুক্রবার (১৫ মে) বিকেলে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে ‘চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়। সেই লক্ষ্যেই দেশব্যাপী ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং নতুন প্রজন্মের জন্য প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

বর্তমান সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই সারা দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র আয়োজন করেছে, যেন আগামী প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলা যায়। কারাতে চর্চা যত বাড়বে, ততই দেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুন্দর ও সমৃদ্ধ হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ক্রীড়া আমাদের তরুণদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। এসব গুণের সমন্বয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি তরুণ হবে আত্মবিশ্বাসী, দক্ষ ও দেশপ্রেমে উজ্জীবিত। নতুন প্রজন্মের সার্বিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজনকে সরকার সবসময় উৎসাহিত করবে এবং এতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন।

চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম।

অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মোশাররফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও প্রধান কোচ কাউসার আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, ফয়সাল আহমেদ, উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরী, মো. হাবিবুর রহমান, শ্রীমা চাকমা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আমিনুল ইসলামসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি শিহান কাউসার আহমেদ এবং বাংলাদেশ পুলিশের এসআই লতা পারভীনের পরিচালনায় একটি আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শিত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়