শুক্রবার, জুন ১৯, ২০২৬
spot_img
Homeমুল পাতাকেমন হতে পারে হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশ?

কেমন হতে পারে হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশ?

প্রাইম ভিশন ডেস্ক »

মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে করা ব্রাজিল এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ার মাঠে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। বাঁচা-মরার এই ম্যাচের আগে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি ব্যাখ্যা করেছেন কেন মরক্কোর বিপক্ষে তার দল চেনা ছন্দে ছিল না। তবে প্রথম ম্যাচে যারা প্রত্যাশা পূরণ করতে পারেননি, তাদের ওপর আস্থা হারাচ্ছেন না এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, ‘মরক্কোর বিপক্ষে যারা ভালো খেলতে পারেনি, আমি তাদের আরও সুযোগ দিতে চাই। প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স অপ্রত্যাশিত থাকলেও, প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না। আমরা আগামীকাল ভিন্ন এক ম্যাচ খেলব এবং দলের উন্নতি করব।’

পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই হাইতির বিপক্ষে মাঠে নামতে হচ্ছে ব্রাজিলকে। আনচেলত্তি সাধারণত তার চেনা ৪-৩-৩ ফর্মেশনেই দল সাজাতে পছন্দ করেন। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যম এবং টিম সূত্রের খবর অনুযায়ী, প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে হাইতি বধের লক্ষ্যে মধ্যমাঠ ও রক্ষণভাগে কিছু কৌশলগত পরিবর্তনের আভাস রয়েছে।

পোস্টের নিচে আনচেলত্তির বিশ্বস্ত সেনানি অ্যালিসন বেকারই থাকছেন। রক্ষণভাগের নেতৃত্বে থাকবেন পিএসজি তারকা মারকুইনহোস। তার সঙ্গী হিসেবে গ্যাব্রিয়েল মাগাহায়েস এবং ডগলাস সান্তোসের থাকা প্রায় নিশ্চিত। তবে রাইট-ব্যাক পজিশনে রজার ইবানেজের পরিবর্তে অভিজ্ঞ দানিলোকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

ব্রাজিলের মাঝমাঠে আসতে পারে বড় চমক। অভিজ্ঞ ক্যাসেমিরোকে আগামীকাল শুরুর একাদশে না রেখে বেঞ্চে বসানো হতে পারে। তার পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে অভিজ্ঞ ফাবিনহোকে। তার সঙ্গে মাঝমাঠ সচল রাখতে থাকবেন ব্রুনো গিমারেজ এবং লুকাস পাকুয়েতা।

নেইমারের অনুপস্থিতিতে মরক্কো ম্যাচের আক্রমণভাগই ধরে রাখতে পারেন আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র একাদশে অপরিহার্য। প্রথম ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা রাফিনহা এবং ইগর থিয়াগোকে নিজেদের প্রমাণ করার আরও একটি সুযোগ দিতে পারেন কোচ। তবে হাইতি কাগজে-কলমে দুর্বল প্রতিপক্ষ হওয়ায় এন্ড্রিক কিংবা বদলি হিসেবে মাথিউস কুনহা ও লুইস হেনরিকেদের মাঠে নামানোর ভালো সম্ভাবনা রয়েছে।

হাইতির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো/রজার ইবানেজ, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগাহায়েস, ডগলাস সান্তোস, ব্রুনো গিমারেজ, লুকাস পাকুয়েতা, ফাবিনহো/ক্যাসেমিরো, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো/মাথিউস কুনহা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়