প্রাইম ভিশন ডেস্ক »
মাঠের ভেতর ১২০ মিনিট ধরে চলেছিল সেয়ানে-সেয়ানে লড়াই। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পা থেকে বল কেড়ে নিতে কোনো কার্পণ্য করেননি আফ্রিকার দেশ কেপ ভার্দের ফুটবলাররা। তবে খেলা শেষের বাঁশি বাজতেই শত্রুতা ভুলে মাঠের সেই লড়াই রূপ নিল পরম শ্রদ্ধায়। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ ১৬ নিশ্চিত করার পর দেখা গেল এক অনন্য ও মানবিক দৃশ্য।
ম্যাচ শেষে মিক্সড জোনে লিওনেল মেসি যখন আসছিলেন, তখন কেপ ভার্দের বেশ কয়েকজন ফুটবলার তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। উদ্দেশ্য বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে একটি ছবি তোলা এবং স্মারক হিসেবে তার জার্সিটি নেওয়া। বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিলেও মেসির দেখা পাওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চাননি তারা। মেসিও কাউকেই হতাশ করেননি, হাসিমুখে সবার আবদার মিটিয়েছেন।
সবাইকে ছবি ও জার্সি দেওয়ার পর স্বভাবসুলভ রসিকতায় মেতে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। হাসতে হাসতে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ওরা এখন আমার জার্সি, স্মারক সব চাইছে; অথচ মাঠের ভেতর লাথি মেরে মেরে শেষ করে দিচ্ছিল!’
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে মেসির রেকর্ড ২০তম গোল এবং তার নেওয়া দুটি ক্রস থেকেই জয়সূচক গোল পায় আর্জেন্টিনা। কষ্টার্জিত এই জয় নিয়ে কথা বলতে গিয়ে দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন অধিনায়ক, ‘এই দলটা অনেক দিন ধরেই একটা বিষয় প্রমাণ করে আসছে যে, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করি এবং লড়ব। আজ আমরা সেট পিস থেকে সুবিধা করতে পেরেছি, যা ইদানিং আমরা ঠিকঠাক পারছিলাম না। এই ধরনের নকআউট ম্যাচে সেট পিস খুব গুরুত্বপূর্ণ। আমাদের দলে বেশ কিছু ভালো হেডার আছে, যারা বাতাসে ভাসানো বলে দুর্দান্ত।’


