প্রাইম ভিশন ডেস্ক »
ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ফুটবল উন্মাদনা এবারও রক্তাক্ত রূপ নিয়েছে। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, দুর্ঘটনা ও অন্যান্য সহিংস ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টের তথ্য অনুযায়ী, সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে কুমিল্লায়। আর্জেন্টিনা-মিসর ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি মিস নিয়ে তর্কের জেরে ৩৮ বছর বয়সী ব্যাটারিচালিত রিকশাচালক মো. শরিফুল ইসলাম নিহত হন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি একটি চায়ের দোকানে খেলা দেখার সময় মেসির পেনাল্টি মিস নিয়ে মন্তব্য করায় কয়েকজন আর্জেন্টিনা সমর্থকের হামলার শিকার হন। শরিফুল ছিলেন ব্রাজিলের সমর্থক ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
স্বামীকে হারিয়ে শরিফুলের স্ত্রী বিউটি বেগম বলেন, ‘একটি ফুটবল খেলার জন্য মানুষ কীভাবে একজনকে হত্যা করতে পারে? আমার দুই মেয়ের এখন বাবা কে হবে? আমি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।’
প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ ঘিরে দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মারধর, ধারালো অস্ত্রের হামলা, বিদ্যুতায়িত হওয়া, মোটরসাইকেল দুর্ঘটনা ও গোলপোস্ট ধসে মৃত্যুর ঘটনা রয়েছে।
চট্টগ্রামে আর্জেন্টিনা-মিসর ম্যাচ দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়াজ তাজরিয়ান নিহত হন। নড়াইলে ফুটবল নিয়ে বিরোধের জেরে মোস্তফা কাজীকে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রামে উল্লাসের সময় গোলপোস্ট ভেঙে পড়ে মাহিদুল ইসলাম নিহত হন। বরগুনায় সমর্থকদের আয়োজিত একটি প্রীতি ম্যাচ শুরুর আগে খোকন কর্মকার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
এদিকে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিদ্বন্দ্বী ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হন এবং একাধিক একাডেমিক ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে।
বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে ফুটবল উন্মাদনা দীর্ঘদিনের। ২০২২ সালের বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন দেখে ফিফা ও আর্জেন্টিনার খেলোয়াড়েরাও বিস্ময় প্রকাশ করেছিলেন। তবে এই উন্মাদনা প্রায়ই সহিংসতায় রূপ নেয়। এক গবেষণায় দেখা যায়, ২০২২ সালের বিশ্বকাপ চলাকালে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের সংঘর্ষে বাংলাদেশে ২৩ জনের মৃত্যু হয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপেও পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হওয়া ও সমর্থকদের সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছিল।


