শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeসংবাদসৌদির কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী

সৌদির কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

বিলম্বে অর্থ প্রদান শর্তে সৌদি আরবের কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট সমাধানেও সৌদি আরবের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সৌদি উপমন্ত্রী বাংলাদেশিদের পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয় উত্থাপন করেন। পাসপোর্ট নবায়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে তার সম্মতি দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন।

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অলৌকিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন সৌদি উপমন্ত্রী। তিনি দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদির দুটি পবিত্র মসজিদের খাদেম, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং ক্রাউন প্রিন্স ও সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানান।

এ সময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী এবং সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দুই দিনের সফরে শনিবার বিকেলে ঢাকায় এসেছেন সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রী। তার এই সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই হতে পারে। বাসস

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়