রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeসংবাদঋণ কেলেঙ্কারি : ৩ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম-ঠিকানা চেয়েছেন হাইকোর্ট

ঋণ কেলেঙ্কারি : ৩ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম-ঠিকানা চেয়েছেন হাইকোর্ট

প্রাইম ভিশন ডেস্ক »

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আলোচিত ঋণ কেলেঙ্কারির বিষয়ে ৪ মাসের মধ্যে তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রবিবার দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে এ বিষয়ে তদন্ত করে ৫ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। স্বতঃপ্রণোদিত রুল দিয়ে হাইকোর্ট ৩টি ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতে ঋণ লেনদেনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের নাম ও ঠিকানার তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ গত নভেম্বরে ৩টি ব্যাংকের বিপুলপরিমাণ ঋণ কেলেঙ্কারি নিয়ে দেশের তিনটি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বেঞ্চ এস আলম গ্রুপকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে ৩০ হাজার কোটি টাকা ঋণ পাওয়ার বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে বলেছে।

ঋণ কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তায় কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না- জানতে চেয়ে রুল দেন আদালত। আগামী ৪ মাসের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

অর্থ, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক চেয়ারম্যান, বিএফআইইউ ও সিআইডি প্রধানকে এ রুলের জবাব দিতে বলা হয়। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়