Homeসংবাদতফসিল ঘোষণায় চোখ ইসির দিকে

তফসিল ঘোষণায় চোখ ইসির দিকে

প্রাইম ভিশন ডেস্ক »

রাজনৈতিক উত্তাপের মধ্যে আলোচনায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল। কখন, কবে তফসিল ঘোষণা করা হবে, সর্বোপরি কবে ভোট গ্রহণ হবে তা নিয়ে গণমাধ্যমে প্রতিনিয়ত ফলাও করে সংবাদ প্রকাশিত হচ্ছে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ভোটে যেতে অপেক্ষার প্রহর গুনছেন তাদের পাশাপাশি বিএনপিসহ যারা দলীয় সরকারের অধীনে ভোট ঠেকাতে মাঠে আছে তারাও নজর রাখছে নির্বাচন কমিশনের দিকে।

এতদিন একেক সূত্রে একেক সময়ের কথা শোনা গেলেও নির্ভরযোগ্য সূত্র বলছে- আসন্ন সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বুধবার (১৪ নভেম্বর) বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। গুঞ্জন শোনা যাচ্ছে, এদিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

অন্যদিকে সাধারণ মানুষের কৌতূহল নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে। বিশেষ করে তফসিল কবে ঘোষণা হবে, তফসিল দেওয়া হলে রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে যাবে তা নিয়েও আতঙ্ক আছে জনমনে। কারণ ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তফসিল ঘোষণা করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে শর্তহীন সংলাপের চিঠি দেওয়াকে কেন্দ্র করে নতুন আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। চিঠির প্রভাবে ভোটের আগে সমঝোতার কোনো পথ তৈরি হবে কি না, এর ফলে তফসিল পেছানো হবে কি না এমন আলোচনাও হচ্ছে। অবশ্য ইসি সচিব জানিয়েছেন, সংলাপের চিঠি তফসিলে কোনো প্রভাব পড়বে না।

তবে আদৌ বুধবারই তফসিল হবে কি না তা নিয়ে যেন মুখে কুলুপ এঁটেছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা সবাই এ ব্যাপারে সতর্ক হয়ে কথা বলছেন। সাংবাদিকদের বারংবার প্রশ্নের মুখেও এ নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

জানা গেছে, বুধবার বিকেল ৫টায় কমিশনের বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সে অনুযায়ী আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

আবার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০ তারিখের পরে তফসিল ঘোষণা হতে পারে- এমন গুঞ্জনও আছে। তবে বুধবার বিষয়টি পরিষ্কার হবে এটা নিশ্চিত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্ন ছিল নির্বাচন কমিশন সচিবের কাছে- ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে, কখন, কীভাবে ঘোষণা হবে? এ বিষয় নিয়ে সচিব বলেন, ‘আগামীকাল (বুধবার) সকাল ১০টায় আপনাদের অবগত করব। আমি এখন পর্যন্ত কমিশন সভার কোনো নোটিশ হাতে পাইনি। কবে, কখন কী হবে- সেটা আগামীকালই জানাতে পারব।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়