Wednesday, June 24, 2026
spot_img
Homeসংবাদরাফায় ৮ ইসরায়েলি সেনা নিহত

রাফায় ৮ ইসরায়েলি সেনা নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামাসের যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় আট ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুন) তারা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, হামাসের যোদ্ধাদের খোঁজে রাফার ভেতরে ও আশপাশে ইসরায়েলি বাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এর পাশাপাশি তারা গাজার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। এ দিন ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর আগে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানায়, রাফার পশ্চিমাংশের আল-সুলতান এলাকায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) চোরাগোপ্তা হামলা চালিয়ে অনেক ইসরায়েলি সেনাকে হত্যা ও আহত করেছে।

ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহ ধরেই আল-সুলতান এলাকায় অভিযানরত আছে। তারা এলাকাটির অনেক গভীরে ঢুকে পড়েছে।

ইসরায়েলি ট্যাংকগুলো আল-সুলতান এলাকায় অগ্রসর হয়ে উপকূলীয় এলাকা লক্ষ্য করে গোলা ছুড়েছে। ইতোমধ্যেই কয়েকবার বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ফিলিস্তিনি ওই উপকূলীয় এলাকায় আশ্রয় নিয়ে আছে। সেখানেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

গত অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ইতোমধ্যেই আট মাসেরও বেশি পার হয়ে গেছে। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করলেও যুদ্ধ বন্ধ করার মতো কোনো চুক্তি এখনও অনেক দূর মনে হচ্ছে। একদিকে আলোচনা চললেও গাজায় ধারাবাহিক রক্তপাত থামার কোনো লক্ষণ নেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসকে নির্মূল করতে গাজায় অবিরাম হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত অন্তত ৩৭২৯৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আর এদের মধ্যে অন্তত ৩০ জন গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়