প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। ইংল্যান্ড থেকে ই-মেইল যোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
তার জায়গায় বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন ফারুক আহমেদ। বিষয়টি বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পাপন ২০১২ সালে বিসিবির সভাপতি মনোনীত হন। পরের বছর বোর্ড নির্বাচনে অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর বাংলাদেশের ক্রিকেটে চলেছে পাপনের একচ্ছত্র কর্তৃত্ব।
শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছাড়েন। তার আগে থেকেই দেশের বাইরে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবির সভাপতি পাপন। মঙ্গলবার আইসিসির বোর্ড সভায় উপস্থিত ছিলেন তিনি। বুধবার বিসিবির বোর্ড পরিচালকদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে পাপনের পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে।
সভাপতিসহ বিসিবির পরিচালনা পর্ষদ ২৪ জনের। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বুধবরের সভায় ৮জন পরিচালক অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। পূর্বের বোর্ড পরিচালকদের মধ্যে নতুন বোর্ডে ৫জন পরিচালককে রেখে দেওয়া হবেও জানা গেছে। বাকিদের জায়গায় আসতে পারেন নতুনরা।


