Homeসংবাদতেল খালাসের এসপিএম পরিচালনায় ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান, ব্যয় ১৯৪৬ কোটি টাকা

তেল খালাসের এসপিএম পরিচালনায় ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান, ব্যয় ১৯৪৬ কোটি টাকা

প্রাইম ভিশন ডেস্ক »

তেল খালাসের সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেনটাল। পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠানটিকে নিয়োগ দিতে ১ হাজার ৯৪৬ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব তহবিল থেকে এ অর্থ পরিশোধ করা হবে।

আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী দেশের বাইরে থাকায় অনলাইনে সভায় যুক্ত হন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

প্রস্তাব অনুযায়ী, ‘সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের সঙ্গে ডাবল পাইপলাইন স্থাপন’ প্রকল্পের বাস্তবায়ন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন সিঙ্গেল পয়েন্ট মুরিং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একজন ঠিকাদার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে পুনঃদরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে দুটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

পরবর্তী প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা হিসেবে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেনটালকে নির্বাচনের সুপারিশ করে।

প্রস্তাব অনুযায়ী, কর ও মূল্য সংযোজন কর ছাড়া প্রতিষ্ঠানটির দর ১২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। কর ও মূল্য সংযোজন করসহ বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক মূল্য ১ হাজার ৯৪৬ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকা। এই অর্থে পাঁচ বছরের জন্য সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে প্রতিষ্ঠানটি।

সিঙ্গেল পয়েন্ট মুরিং ব্যবস্থা সমুদ্রপথে আমদানি করা অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি তেল দ্রুত খালাস করে পাইপলাইনের মাধ্যমে তেল স্থলভাগে নেওয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়