প্রাইম ভিশন ডেস্ক »
সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর ও আলী নগর প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের উচ্চ পর্যায়ের সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রকল্পের মাস্টার প্ল্যানের খসড়া প্রস্তুত করা হয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে মাস্টার প্ল্যানটি চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। প্রকল্প বাস্তবায়নে আরো বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে সভায়।
সেগুলো হলো, অবৈধ দখলদার থেকে শুরু করে সন্ত্রাস, ভূমিদস্যুতা ও মাদকের রাজত্ব কায়েমে জড়িতদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। এই এলাকায় কেউ থাকবে না, সবাইকে উচ্ছেদ করা হবে। যারা প্রকৃত ভূমিহীন ও গৃহহীন রয়েছে তাদেরকে স্থায়ী ঠিকানায় স্ব স্ব উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হবে। প্রকল্প বাস্তবায়নে কয়েকটি টাস্কফোর্স কমিটিও গঠন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন ও জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।


