প্রাইম ভিশন ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। দলে একটিই বদল, বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি সিরিজে ফিনিশার ভূমিকায় দারুণ করা জাকের আলি।
গত কয়েক বছরে লিটন জাতীয় দলের অপরিহার্য সদস্যই হয়ে উঠেছিলেন। অভিষেকের পর ওয়ানডে দল থেকে তার বাদ পড়ার ঘটনা নেই। ২০১৮ সালে উইন্ডিজ সিরিজে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। কিন্তু বাজে পারফরমের কারণে এই প্রথম ওয়ানডে দল থেকে বাদ পড়তে হলো লিটনকে। চলতি সিরিজে টানা দুই ম্যাচে কোন রান করতে পারেননি লিটন।
এই ওপেনারকে বাদ দিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি কড়া বার্তাই দিলেন নতুন নির্বাচক কমিটি। গাজী আশরাফ হোসেন লিপু তো বলেই দিলেন দলে থাকা যোগ্য ওপেনারদের সুযোগ দেয়ার চিন্তায় এই সিদ্ধান্ত।
তৃতীয় ওয়ানডের দল ঘোষণায় প্রধান নির্বাচক বলেছেন, “সাদা বলে লিটনের বর্তমান পারফরম্যান্সকে বিবেচনায় এনে আমরা এই পরিবর্তন করেছি। দলে থাকা বাকি দুজন যোগ্য ওপেনারদের এতে নিজেদের প্রমাণের সুযোগ মিলবে। জাকের আলিকে দলে নেয়ায় সিরিজের এই সময়ে মিডলঅর্ডারে দলকে আরও ভারসাম্য দিবে।”
গত বিপিএলে দুর্দান্ত পারফরম করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন জাকের আলি। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেকেই ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। এবার ওয়ানডেতে প্রথম ডাক পেয়ে নিজেকে প্রমাণের পালা।
লিস্ট এ ক্রিকেটে জাকের এখন পর্যন্ত ৮৪ ম্যাচ খেলে ২ সেঞ্চুরি ও ৯ হাফসেঞ্চুরিতে ১৯১৮ রান করেছেন।


