প্রাইম ভিশন ডেস্ক »
পৃথক দুই প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ ছিল যথাক্রমে ঘানা ও হন্ডুরাসে। ম্যাচ দুটি নির্ধারিত সময়ে ৩-০ গোলে সমাপ্ত হয়।
গতকাল শুক্রবার রাতে ফ্রান্সের লু আভহাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানার বিপরীতে জেতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এ ম্যাচে সবগুলো গোলই হয় প্রথমার্ধে। প্রথম গোলটি করেন মার্কিনিয়োস, পরের দুটি আসে রিশার্লিসনের শট থেকে।
গত বছরের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারে ব্রাজিল। এর পর থেকে এই নিয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত রইল দলটি।
এ ছাড়া ১১ বছর পর ঘানার সঙ্গে খেলল ব্রাজিল। এর আগে চার ম্যাচেও জিতে ছিল ল্যাটিন আমেরিকার দেশটি।
এ দিকে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ শনিবার সকালে আরেক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুটি গোল করেন লিওনেল মেসি, অন্যটি দেন লাউতারো মার্তিনেজ।
এ নিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রইলো আর্জেন্টিনা। আগামী বুধবার দ্বিতীয় প্রীতি ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হবে দলটি।


