প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে নিখোঁজের আট দিনের মাথায় বস্তাবন্দী আবিদা সুলতানা আয়নী নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে নগরের পাহাড়তলী থানার আলম তারা পুকুরপাড়া মুরগি ফার্ম এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পিবিআই। পাহাড়তলী থানার কাজীর দীঘি এলাকায় পরিবারের সঙ্গে থাকত শিশুটি। স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী সে।
২১ মার্চ বিড়ালছানা আনতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা বাদি হয়ে পাহাড়তলী থানায় জিডি করেন। থানা-পুলিশ মামলা না নেওয়ায় শিশুটির মা বাদি হয়ে গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামে মামলা করেন। এতে শিশুটির বাসার পাশের সবজি বিক্রেতাকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, মা পোশাক কারখানার শ্রমিক। বাবা একই পেশায় ঢাকায় কর্মরত। স্কুলের এক বান্ধবীর মাধ্যমে জানতে পেরে শিশুটি বিড়ালের ছানা আনতে যায় ওই সবজি বিক্রেতার কাছে। এর পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।
চার মাস আগে গত বছরের ২৫ নভেম্বর সাত বছরের শিশু আলিনা ইসলাম আয়াতের ছয় টুকরা লাশ উদ্ধার করেছিল পিবিআই। চতুর্থ শ্রেণির এ শিক্ষার্থীর মতো আলিনা ইসলাম আয়াত ১০ দিন আগে গত ১৫ নভেম্বর বাসা থেকে বের হয়ে মক্তবে পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়।
এর আগে গত বছরের ২৪ অক্টোবর নগরের জামালখান এলাকায় বাসা থেকে চিপস কিনতে বের হয়ে নিখোঁজ হয় সাত বছরের এক শিশু। পরদিন বাসার পাশে একটি নালা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।


