রবিবার, মে ১০, ২০২৬
spot_img
HomeUncategorized‘নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র হচ্ছে’

‘নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র হচ্ছে’

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নানামুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু।

মঙ্গলবার (২৫ জুলাই ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেসে’ তিনি এ মন্তব্য করেন।

মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের পরই এ বছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশে আরেকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণপন্থি বিএনপি ও ধর্মীয় মৌলবাদী শক্তি বিদেশি অপশক্তির সহযোগিতায় নানামুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে।

নির্বাচিত হলে চট্টগ্রাম-১০ আসনের এলাকায় এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন জানিয়ে তিনি বলেন, সর্বোপরি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও আগ্রহের সম্পূরক হিসেবে নিজেকে নিবেদিত রাখবো।

বাংলাদেশের সকল শুভ অর্জন, অগ্রগতি, কল্যাণ ও উন্নয়নের ধারাবাহিকতাকে ভূলণ্ঠিত করে অবৈধ পন্থায় ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াস পরিলক্ষিত হচ্ছে। তাই বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তিকে আবারও আঘাত করা হলে তাদেরকে প্রতিরোধ করতে হবে।

মহিউদ্দিন বাচ্চু বলেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক কিন্তু নির্বাচন ব্যবস্থাকে বাধাগ্রস্থ করতে পারে না। ইতোমধ্যে ওই অশুভ শক্তিটি আমার প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে। এটা একটি অশুভ ইঙ্গিত।

শুধু তাই নয়, ইতোমধ্যেই তারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর হামলা ও হত্যাসহ নানা ধরণের নির্যাতন ও আক্রমণ শুরু করেছে। এসব ঘটনা একটি অশনি সংকেত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি আমাদের চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের প্রধান কার্যালয়ে হামলা করেছে। দোকানদার ও নিরাপত্তা কর্মীদের উপরও হামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের নাম ভাঙিয়ে কোন কাজ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। বিএনপি-জামায়াতের অপচেষ্টা মোকাবিলা করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত থাকবে।

বিএনপি মামলার বিষয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে। মামলাটি আমরা দলীয়ভাবে মোকাবিলা করবো।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নঈম উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়