প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম নগরীতে ও বোয়ালখালী উপজেলায় খালে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে নগরীর কোতোয়ালী থানার আছাদগঞ্জ শুটকি পল্লী এলাকায় কলাবাগিচা খালে পড়ে মারা যাওয়া আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি।
অপরদিকে বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে মো. মনসুর আলম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে আঘাত হানার আগে থেকেই বৃষ্টি ঝরছে। ঘূর্ণিঝড়ের মধ্যে জলোচ্ছ্বাসে, ঘর ভেঙে এবং দেয়াল ধসে ছয় জেলায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
নগরীর আছাদগঞ্জে মারা যাওয়া ওই যুবক খালের পাড়ে প্রস্রাব করতে বসেছিলেন বলে স্থানীয়দের বরাতে জানিয়েছেন নগরীর ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর।
তিনি বলেন, হঠাৎ ওই যুবককে খালে পড়ে যেতে দেখে স্থানীয় কয়েকজন তরুণ লাফিয়ে নেমে তাকে তুলে আনেন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত আনার কথা বলেন।
বোয়ালখালীতে খালে ডুবে বৃদ্ধের মৃত্যু
বোয়ালখালী উপজেলায় খালের পানিতে ডুবে মারা যাওয়া মো. মনসুর আলম (৬০) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উজির আলী চৌধুরী বাড়ির বাসিন্দা।


