প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পেট্রোল বোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া সিটি গেট এলাকায় মেরামতের জন্য গ্যারেজে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এসব ঘটনা প্রতিরোধে গতকাল রাত থেকে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো ও টহল জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে পেট্রোল বোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এসব ঘটনায় জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
আমিনুর রশীদ বলেন, মঙ্গলবার ভোর ৩টার দিকে সিটি গেট–মনসুরাবাদ এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন লাগে। বাসটি মেরামতের জন্য সেখানে রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, এসব ঘটনা প্রতিরোধে সিএমপি কঠোর অবস্থানে রয়েছে। গতকাল রাত থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি জানান, এসব ঘটনা ছাড়া নগরে অন্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


