প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ের পূর্বাঞ্চল। ইঞ্জিন, লোকোমাস্টার ও জনবল সংকটের কারণে আগামী বৃহস্পতিবার (৩০ মে) থেকে আগামী ১০ জুন পর্যন্ত এই ট্রেন বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৮ মে) রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে কক্সবাজার স্পেশাল-৩ ও ৪ ট্রেনটি আগামী ১০ জুন পর্যন্ত চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু যান্ত্রিক বিভাগ থেকে ইঞ্জিন ও লোকোমাস্টারের সংকট থাকার কথা জানানো হয়েছে। এজন্য ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত ট্রেন চলাচল বাতিল করা হলো।
গেল বছরের ১১ নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত নতুন রেললাইনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত বছরের ১ ডিসেম্বর ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে শুধুমাত্র ঢাকা থেকেই ট্রেন সার্ভিস চালু করেছিল রেলওয়ে। গত ঈদুল ফিতরের সময় চট্টগ্রাম-কক্সবাজার রুটে সাময়িকভাবে চালু করা বিশেষ একটি ট্রেনের সময় ১০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু ইঞ্জিন ও লোকোমাস্টার সংকট দেখিয়ে ঈদুল আজহার আগেই জনপ্রিয় এ ট্রেনটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে।
রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন জানান, রোজার ঈদে চালু হওয়া ট্রেনটির জনপ্রিয়তা বেশি। যাত্রীদের চাহিদার কারণে দুই দফায় সময় বাড়িয়ে আগামী ১০ জুন পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেনটি চালু রাখা হয়েছিল। প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ইঞ্জিন ও চালক সংকটের বিষয়টি জানানোর পর বাধ্য হয়ে কক্সবাজার স্পেশাল ট্রেনের সার্ভিস বন্ধ করতে হচ্ছে।


