প্রাইম ভিশন ডেস্ক »
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ময়মনসিংহের ত্রিশালের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
কারাদণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামির মধ্যে কারাগারে রয়েছেন ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ, হরমুজ আলী ও আবদুস সাত্তার। এ ছাড়া পলাতক রয়েছেন ফখরুজ্জামান ও খন্দকার গোলাম রব্বানী। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন, রেজিয়া সুলতানা চমন ও ব্যারিস্টার তাপস কান্তি বল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। উপস্থিত ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, প্রসিকিউটর ঋষিকেশ সাহা, প্রসিকিউটর মো. মুখলেসুর রহমান বাদল, প্রসিকিউটর জাহিদ ইমাম, প্রসিকিউটর আবুল কালাম, প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নী, প্রসিকিউটর রাজিয়া সুলতানা চমন ও ব্যারিস্টার শেখ মোশফেকুর রহমান।
২০১৫ সালের ১৯ মে জাতীয় পার্টির এমপি হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। মামলায় জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য এম এ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফখরুজ্জামান ও গোলাম রব্বানীকে আসামি করা হয়। পরে তদন্তে আরও পাঁচজনের সম্পৃক্ততা পাওয়ায় এ মামলার আসামি করা হয় মোট আটজনকে। এর মধ্যে প্রধান আসামি হান্নানসহ তিনজন মারা গেছেন এবং জীবিত রয়েছেন পাঁচজন। তাদের মধ্যে তিনজন কারাগারে, বাকি দুজন পলাতক।


