Homeএই মুহুর্তেসনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় গ্রেপ্তার : প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় গ্রেপ্তার : প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁর বিরুদ্ধে গত ৩০ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় ফিরোজ খান নামে বিএনপির এক নেতা রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ওই নেতাকে বহিষ্কার করে বিএনপি। এক পর্যায়ে চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করে ইসকন।

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাজধানীর শাহবাগে সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। রাত ৮টার দিকে সড়ক অবরোধ করেন ৬০-৭০ জন। এক পর্যায়ে আশপাশের দোকানের লোকজন এবং গাড়ির যাত্রীরা নেমে তাদের সরিয়ে দেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেছেন। চিন্ময়ের মুক্তি দাবিতে সারাদেশে আন্দোলন গড়ে তোলা এবং ঢাকায় লংমার্চ করার ঘোষণা দেন বক্তারা।

তারা অভিযোগ করেন, শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলনে তাদের ওপর হামলা করা হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। এদিকে তাঁর মুক্তির দাবিতে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা সন্ধ্যা ৭টার পর থেকে কয়েক ঘণ্টা সেখানে অবস্থান করেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর নগরীর চেরাগী পাহাড় মোড়ে জড়ো হন ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) সমর্থক ও হিন্দু সম্প্রদায়ের লোকজন। তাঁর মুক্তি দাবি করে তারা স্লোগান দেন। তাদের অবস্থানের কারণে নগরের মোমিন রোড ও জামালখান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বিকেল ৫টার দিকে ‘ইসকন পুণ্ডরীক ধাম অফিসিয়াল’ নামে একটি ফেসবুক পেজে ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিবির পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে’ বলে স্ট্যাটাস দেওয়া হয়। সনাতন জাগরণ জোটের সংগঠক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বলেন, ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসার কথা ছিল চিন্ময় দাসের।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার (অপরাধ) মো. রইছ উদ্দিন সমকালকে বলেন, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা রয়েছে। তাঁকে চট্টগ্রামে নিয়ে আসা হতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ইসকনের সাবেক চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মামলার এজাহারে ফিরোজ খান বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা নিউমার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে। গত ২৫ অক্টোবর লালদীঘি মোড়ে সমাবেশের দিন ওই পতাকার ওপর ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা স্থাপন করা হয়, যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার শামিল। জাতীয় পতাকার ওপর ধর্মীয় পতাকা উত্তোলন করে তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার কাজে লিপ্ত।

সম্প্রতি ওসমান আলী নামে এক ব্যক্তি ইসকন নিয়ে ফেসবুকে অন্যের একটি পোস্ট শেয়ার করেন। একে কেন্দ্র করে গত ৫ নভেম্বর নগরের হাজারী গলিতে বিক্ষোভের এক পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীরা যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর ১৪ জন আহত হন। তাদের মধ্যে একজন এসিডদগ্ধ হন। পুলিশের দাবি, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত ইসকন। চট্টগ্রামে গ্রেপ্তার আসামি অধিকাংশই ইসকন সমর্থক। তবে ইসকন এ অভিযোগ অস্বীকার করেছে।

গত ১৭ নভেম্বর চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’ এবং ‘বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট’-এর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ ঘোষণা করেন পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারাদেশের নির্যাতিত-নিপীড়িত সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষ্যে দুটি সংগঠন ঐক্যবদ্ধভাবে এখন থেকে এক ব্যানারে আন্দোলন-সংগ্রাম করবে।

জাতীয় হিন্দু মহাজোটের প্রতিবাদ

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব ডা. হেমন্ত দাস ও হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুণ্ডু তপু হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, হাজার হাজার কর্মী-সমর্থকের মধ্যে কেউ জাতীয় পতাকার অবমাননা করলে তার দায় কোনো নেতার হতে পারে না। এ ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহ মামলা কোনো অবস্থাতেই কাম্য নয়। তারা চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

ঐক্য পরিষদের নিন্দা

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। এক বিবৃতিতে ঐক্য পরিষদের তিন সভাপতি ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এক বিবৃতিতে বলেন, তাঁকে গ্রেপ্তারের ফলে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়