প্রাইম ভিশন ডেস্ক »
রেকর্ডটা আর তুরস্কের রইল না। তাতে অবশ্য তুর্কিদের খুশিই হওয়ার কথা। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম মাত্র ২১ রানে গুঁটিয়ে যাওয়ার ইতিহাস তো আর সুখকর কিছু নয়। আজ সে লজ্জার ইতিহাস থেকে কিছুটা হলেও রেহাই পেল তারা। টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড এখন বিগ ব্যাশের সিডনি থান্ডারের।
আজ সিডনির শোগ্রাউন্ড স্টেডিয়ামে বিগ ব্যাশে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের দেয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে গুঁটিয়ে গেছে সিডনি থান্ডার। ১৫ রান করার পথে তারা খেলেছে মোটে ৫.৫ ওভার বা ৩৫ বল। টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে কম রানের সঙ্গে সবচেয়ে কম বল খেলে অলআউটের রেকর্ডেও উঠেছে তাদের নাম।
ইনিংসের তৃতীয় বলেই থান্ডার ওপেনার ম্যাথিউ গিলকেসের আউট দিয়ে শুরু। এরপর শুধু উইকেট-বৃষ্টি। ৪.৫ ওভারের মধ্যে ১০ রানে নেই ৮ উইকেট। অ্যালেক্স হেলস, রাইলি রুশো, ড্যানিয়েল সামসের মতো ব্যাটসম্যানরা সবাই ততক্ষণে প্যাভিলিয়নে। পঞ্চম ওভারের শেষ বলে ইনিংসের একমাত্র বাউন্ডারি আসে ব্রেন্ডান ডগেটের ব্যাট থেকে।
পরের ওভারে বাকি দুই উইকেটও হারিয়ে লজ্জার ইতিহাস গড়ে সিডনি থান্ডার। ১৫ রানে অলআউট হয়ে ১২৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচ ৩ রানে ৫ উইকেট নিয়েছেন অ্যাডিলেইডের পেসার হেনরি থর্নটন এবং ৬ রান খরচায় ৪ উইকেট পেয়েছেন অপর পেসার ওয়েস এগার।


