প্রাইম ভিশন ডেস্ক »
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক আজ শনিবার খোলা হয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্যদের উপস্থিতিতে মসজিদের দান সিন্দুক খোলা হয়।
এবার সিন্দুক থেকে ২০ বস্তা টাকা পাওয়া গেছে। গণনা শেষে এ টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। এ ছাড়া প্রচুর পরিমাণে স্বর্ণ, হীরার গহনা ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
তিন মাস ছয় দিন পর আজ সকালে মসজিদের আটটি সিন্দুক খোলা হয়। এর আগে গত বছরের ১ অক্টোবর পাগলা মসজিদের দান সিন্দুকে ১৫ বস্তায় মোট ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা পাওয়া যায়। এ ছাড়া স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছিল। গতবারের তুলনায় এবার এক সপ্তাহ বেশি সময়ের ব্যবধানে দান সিন্দুক খোলা হয়।
এ টি এম এটিএম ফরহাদ চৌধরী জানান, আজ সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি সিন্দুক খোলা হয়। সিন্দুকে পাওয়া টাকাগুলো প্রথমে বস্তায় ভরা হয়। এরপর সেগুলো মেঝেতে ঢেলে গণনা শুরু হয়। সকাল পৌনে ৯টায় খোলার পর বস্তায় ভরে মসজিদের মেঝেতে নিয়ে রাত পৌনে আটটা পর্যন্ত গণনা শেষে ওই পরিমাণ টাকা পাওয়া যায়। দানবাক্সে স্বর্ণালংকার, রুপার গহনা ছাড়াও বৈদেশিক মুদ্রা এবং হীরার গহনা পাওয়া যায়।
মসজিদ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, পাগলা মসজিদের দানের টাকায় আন্তর্জাতিক মানের একটি ইসলামি কমপ্লেক্স নির্মাণ করা হবে। কমপ্লেক্সটি এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম স্থাপত্য হিসেবে পরিগণিত হবে। এতে স্বয়ংক্রিয়ভাবে প্রাকৃতিক আলোর ব্যবস্থা থাকবে। এজন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১১৫ থেকে ১২০ কোটি টাকা। সেখানে একসঙ্গে প্রায় ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া ৫ হাজার নারীর জন্য নামাজের আলাদা ব্যবস্থা থাকবে।


