প্রাইম ভিশন ডেস্ক »
ক্ষমতায় থাকাকালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিতে চায়নি, এখন কেন তারা সেই তত্ত্বাবধায়ক নিয়ে আন্দোলন করছে সেই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি দেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায় বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির আন্দোলনের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘সুযোগ থাকার পরও বিএনপি তখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেনি। এখন তারা কেন তত্ত্বাবধায়ক সরকার চাইছে? ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না, খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ।’
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়াসহ বিএনপির সব নেতাকেই আমার প্রশ্ন- সংসদীয় গণতন্ত্র চেয়েছিলাম আমরা। সেটা তো তারাই চায়নি। এখন কী বলবে তারা? তখন খালেদা জিয়া বলেছিল যে, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। বিএনপির নেতাদের বলছি, তারা কি সেই পাগল আর শিশু খুঁজে পেয়েছে?’
তখন খালেদা জিয়া বলেছিল যে, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। বিএনপির নেতাদের বলছি, তারা কি সেই পাগল আর শিশু খুঁজে পেয়েছে?
প্রধানমন্ত্রী দাবি করেন, গ্যাস বিক্রির অঙ্গীকার করে ২০০১ সালে সরকারে আসে বিএনপি। আওয়ামী লীগের দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই বলেও জানান তিনি।
বিএনপির এক দফার আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কী অপরাধ করেছে? বিএনপি কেন এক দফার কথা বলছে। যারা স্বজনহারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে?
বিএনপির মতো অত্যাচারের পথে আওয়ামী লীগ হাঁটেনি জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘২১ আগস্টের হামলার আলামত পর্যন্ত রাখতে দেয়নি। এখনো বিএনপির নেতারা আমাকে সরাসরি হত্যার হুমকি দিচ্ছে। কেন এমনটি করা হচ্ছে?’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি। বিএনপির অত্যাচারের শিকার দেশের সর্বস্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়।’
বুদ্ধিজীবী হত্যাকারী, যুদ্ধাপরাধী, ধর্ষক ও লুটেরাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা।
সঙ্গে বিদেশি শক্তি থাকার বিএনপির দাবি প্রসঙ্গে তিনি বলেন, তারা দাবি করে, তাদের আন্তর্জাতিক শক্তি আছে। আমরা জানতে চাই কোন শক্তি তাদের পাশে আছে? লুটেরাদের সাথে কেউ থাকবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাটি সঞ্চালনা করেন।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি ও কাজী জাফরউল্লাহ মঞ্চে উপস্থিত ছিলেন।


