Homeএই মুহুর্তেপরিকল্পিত নগর হবে সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর : পরিদর্শনকালে ডিসি জাহিদ

পরিকল্পিত নগর হবে সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর : পরিদর্শনকালে ডিসি জাহিদ

 

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রত্যেক সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সন্তানেরা সুন্দর মানুষের মত মানুষ হোক-এটি প্রত্যেক পিতা-মাতার চাওয়া। তাদের চাওয়া আমাদেরকে পূরণ করতে হবে। আমরা যে সমাজে বসবাস করি তাদের জন্যও কাজ করতে হবে।
সুস্থ থাকতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও আনন্দ-বিনোদন প্রয়োজন। মোবাইলের অপব্যবহার ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। পিতা-মাতা আমাদেরকে জন্ম দেয় আর শিক্ষকেরা আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলে। শিক্ষকেরা আমাদের গুরু, তাদেরকে সম্মান করব, তাদের কথা শুনব, প্রতিদিন স্কুলে আসব, পড়ালেখা করব এবং নিয়মিত স্কুলে এসে পড়ালেখায় মনোনিবেশ ঘটিয়ে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে প্রমাণ করব-এটাই হোক আমাদের প্রত্যাশা।
আজ ৪ অক্টোবর রোববার বিকেল ৩টায় সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলী নগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সীতাকুন্ড উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করেন। শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী), ফলদ বৃক্ষের চারা ও চকলেট বিতরণ করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০০টি স্কুল ব্যাগ, ২০০টি ফলদ গাছের চারা, ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার সামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জঙ্গল সলিমপুরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।এসময় তিনি বলেন, সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অন্যান্য এলাকার মতো এখানকার বাসিন্দাদেরও প্রয়োজনীয় নাগরিক সুবিধার আওতায় আনা হবে। ‘জঙ্গল সলিমপুরকে একসময় “স্টেট উইদিন স্টেট” বলা হতো।
৯ মার্চের আগে জায়গাটি সম্পর্কে যে ধারণা প্রচলিত ছিল, এরপর সেই পরিস্থিতি বদলেছে। এখানে ধীরে ধীরে স্বাভাবিক জনজীবন প্রতিষ্ঠিত হয়েছে।’ এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে ছয়টি সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশ নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এ কাজ করছে। ইতিমধ্যে প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ, জেলা আনসার কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বিসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষা কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের অনুষ্ঠানে ডিসি বলেন, যোগ্য মানুষ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও আনন্দ-বিনোদনে উৎসাহিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আগামী প্রজন্ম শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে, দেশ ও সমাজের ভাবমৃর্তি উজ্জ্বল করবে-এটা আমরা প্রত্যাশা করি। স্কুল শুধু পড়ালেখার জায়গা নয়, খেলাধুলা ও বিনোদনের জায়গাও বটে।
সে লক্ষ্যে সরকারের নির্দেশে আমরা প্রত্যেক ইউনিয়য়নে খেলার মাঠ করতে কাজ করে যাচ্ছি। অপরাধমুক্ত করে শিক্ষা-দীক্ষা ও উন্নয়নে জঙ্গল সলিমপুরকে বিশ্বের কাছে পরিচয় করে করে দিতে চাই, আমরা প্রত্যেককে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
আলীনগর স্কুলের প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার পাশাপাশি শিক্ষকদের বেতন সংক্রান্ত সমস্যার কথা জেলা প্রশাসককে জানান।
বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেওয়ার আশ্বাসদিয়ে ডিসি বলেন, প্রাথমিকভাবে শিক্ষক-কর্মচারীদের এক মাসের বেতনের অর্থ জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করা হবে।
পরবর্তী মাসগুলোর বেতন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। বিদ্যালয়টির ভবিষ্যৎ পরিচালনা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান জেলা প্রশাসক। প্রয়োজন হলে প্রতিষ্ঠানটির দায়িত্ব সরকারিভাবে নেওয়ার প্রস্তাব দেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, এই শিক্ষার্থীরা আমাদের সমাজের প্রাণ। তাদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষক ও শিক্ষার্থীরা যেসব সমস্যার কথা বলেছেন, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল আজিজকে নির্দেশনা দেওয়া হয়।
জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে ডিসি বলেন, সড়কগুলোর কাজ শেষ হলে মানুষের চলাচল সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে সরকারি সেবা পৌঁছে দেওয়াও সহজ হবে। জঙ্গল সলিমপুরে ২৩টি সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের জন্য ইতিমধ্যে সম্ভাব্য জায়গা নির্বাচন করা হয়েছে। এদিন জেলা প্রশাসক সেসব জায়গা, নির্মাণাধীন বিজিবি ক্যাম্প ও চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন।
এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা জঙ্গল সলিমপুরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই। এখানকার মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি উন্নত নগরের প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
জঙ্গল সলিমপুর নিয়ে ‘মিথ্যা প্রপাগান্ডা’ ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, এখানকার শিশুরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে যাচ্ছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে। এসব দেখলে এলাকাটি সম্পর্কে অনেকের ধারণা বদলে যেত।
৯ মার্চ জঙ্গল সলিমপুরে প্রশাসনিক কার্যক্রমের সময় সহযোগিতার জন্য আলীনগর স্কুল ও এসএম পাইলট স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক। তিনি বলেন, সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থানের জন্য বিদ্যালয় দুটি জায়গা দিয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়