প্রাইম ভিশন ডেস্ক »
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সেপ্টেম্বর মাসের ২ তারিখের পরে রাজধানী ঢাকাসহ সারা দেশেই বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এর আগেও প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে।
সোমবার বিকেলে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গতকাল বিকেল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেটি শিথিল হয়েছে। নতুন করে আর কোনো সতর্কবাণী দেওয়া হচ্ছে না।
এদিন সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এই সময়ে চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী ৫ দিনে প্রায় রোজই কোথাও কোথাও বৃষ্টি হবে। যে আজও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুএক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। আজও সিলেট-চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কাল থেকে এই ২ বিভাগেও বৃষ্টি কমে আসবে,।
তরিফুল নেওয়াজ আরো বলেন, আগামী মাসের ২ অথবা ৩ তারিখের পরে গিয়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এর আগে পর্যন্ত বৃষ্টিপাত তুলনামূলক কমই থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুসারে, আজ ঢাকা, মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


