Monday, June 29, 2026
spot_img
Homeএই মুহুর্তেআমাদের সামনে অনেক চ্যালেঞ্জ : নওফেল

আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ : নওফেল

প্রাইম ভিশন ডেস্ক »

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া) আসনের অর্ন্তগত ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে এক হাজার নারী পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেছেন এ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেইনের মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, অনেক কষ্টের মধ্যেও, অনেক ভালো না থাকার মধ্যেও বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। কারণ আমাদের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, যিনি মাতৃরূপে আমাদের সকলকে আগলে রেখেছেন। শেখ হাসিনার নেতৃত্ব যদি অব্যাহত না থাকে, তাহলে আমাদের হয়ত এই ভালো থাকাও হবে না। এটা বলছি, কারণ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। চারদিকে অনেক ষড়যন্ত্র হচ্ছে।

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, এই ষড়যন্ত্র দেখে জামায়াত ইসলামী এবং তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রশিবিরও ভয়ভীতি দেখাতে মাঠে নেমে গেছে। চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে লাঠিসোঠা নিয়ে মহড়া দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। চোখের সামনে এই মহড়া প্রমাণ করে, তারা ভয়ঙ্কর কোনো অপকর্মের পরিকল্পনা করছে। আমরা ভয়ভীতির তোয়াক্কা করি না। আমরা ঐক্যবদ্ধ আছি, শক্তিশালী আছি। সুতরাং তারা কিছুই করতে পারবে না। আমাদের এই ষড়যন্ত্র ভেঙ্গে ফেলতে হবে।

সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে দুর্গাপূজা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে আপনারা পূজা করুন, মায়ের কাছ প্রার্থনা করুন শেখ হাসিনার জন্য। তাঁকে একুশবার হত্যার চেষ্টা হয়েছে, উনার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে, কিন্তু সৃষ্টিকর্তা উনাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয় এদেশের মানুষের ভালো কিছু করার জন্য। সেই ভালো করার চেষ্টা তিনি নিরন্তর করে যাচ্ছেন। সুতরাং তিনি থাকলে আমরা সবাই ভালো থাকবো।

ব্যবসায়ী শুকলাল ধরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ও চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, আবদুস সালাম মাসুম ও রুমকী সেনগুপ্ত, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ব্যবসায়ী প্রনব ধর এবং যুবনেতা বলরাম চক্রবর্তী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়