প্রাইম ভিশন ডেস্ক
ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা জল্পনা-কল্পনা। এ মুহূর্তে ঢালিপাড়ায় জোর গুঞ্জন— আগামী ১৬ সেপ্টেম্বর নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন অভিনেত্রী পূজা চেরী। সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ অভিনেত্রী।
সম্প্রতি এসব খবরে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পূজা চেরী। সেই স্ট্যাটাসে তিনি বলেন, অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সব কিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।
অভিনেত্রী বলেন, তিনি ইতোমধ্যে ‘এনগেজড’। তবে তার জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন মানুষ।
বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু বরের পরিচয় কিংবা বিয়ের নির্দিষ্ট তারিখ আড়ালেই রেখেছেন পূজা চেরী। গত আগস্ট মাসে হঠাৎ করেই চাউর হয়, গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেছেন অভিনেত্রী। সেই সময়ও বিষয়টি অস্বীকার করে পূজা চেরী বলেন, বিয়ে জীবনের একটি বড় সিদ্ধান্ত এবং তা গোপন করার কোনো ইচ্ছা তার নেই। সময় হলে সবাইকে জানিয়ে উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করবেন।


