Homeমুল পাতা‘আমাকে মারবা ঠিক আছে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে আসি’

‘আমাকে মারবা ঠিক আছে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে আসি’

প্রাইম ভিশন ডেস্ক

রাজধানীর খিলক্ষেতে স্ত্রী মুক্তা ইসলামকে শিকল দিয়ে বেঁধে বেল্ট দিয়ে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে তার স্বামী সোহেল শিকদার (৩১) বিরুদ্ধে। পরে নির্যাতনের ভিডিও মুক্তার ভাইয়ের মোবাইলে পাঠিয়ে তিনি লিখেন, ‘তোমার বোনকে নিয়ে যাও।

’এর পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) খিলক্ষেতের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুক্তার মরদেহ উদ্ধার করেন তার স্বজনরা। এ ঘটনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) খিলক্ষেত থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সমকালে এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘটনার দিন মুক্তার পা শিকল দিয়ে বেঁধে বেল্ট দিয়ে তাকে বেধরক পেটাতে থাকেন সোহেল।

মায়ের ওপর এমন অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে পাশের ঘরে তাদের দুই শিশুসন্তান সাফওয়ান (৫) ও তাসফিয়া (৪) কাঁদতে শুরু করে। এ সময় মুক্তা অনুনয় করে বলেন, ‘আমাকে মারবা ঠিক আছে, শুধু দুই বাচ্চারে ঘুম পাড়িয়ে আসি।’ তবে এতেও মন গলেনি সোহেলের।
নিহতের পরিবারের অভিযোগ, যৌতুক ও পরকীয়া সন্দেহে স্বামী সোহেল কয়েক মাস ধরে নির্যাতন চালানোর পর তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।

এদিকে, অভিযুক্ত সোহেলের ধারণ করা তিন মিনিটের এক ভিডিওতে দেখা যায়, তিনি বেল্ট দিয়ে মুক্তাকে নির্মমভাবে পেটানোর সময় অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন। মুক্তা নিজেকে নির্দোষ দাবি করে আকুতি জানানো সত্ত্বেও সোহেলের নির্দয় আঘাত থামেনি। পেটানোর সময় সোহেল বলেন, ‘কথা ক, কথা ক, তোরে আজ পিটাইয়া মাইরা ফালামু। তোকে আমি ছাড়ব না। তোকে আজ ছাড়ব কি ছাড়ব না, এটা আমার বিবেচনা।

একবার শুধু কথা ক।’ এক পর্যায়ে মুক্তা বলেন, ‘আমি কিছু করিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি।’ এ কথা বলার পরেও থামেনি সোহেলের নির্যাতন। পরে মুক্তা বলেন, ‘আমাকে আর মাইরো না, ও আল্লাগো।’
বরিশালের বাকেরগঞ্জের মুক্তার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল একই এলাকার সোহেল শিকদারের। খিলক্ষেতে মুদি ও এমব্রয়ডারি ব্যবসায় ব্যর্থ হয়ে সোহেল যৌতুকের দাবি ও নির্যাতন শুরু করেন।

তানভীর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তার বোনের মরদেহ সিলিং ফ্যান থেকে নামানো হয়েছে। কয়েক মাস আগে আমার কাছে তিন লাখ টাকা চেয়েছিলেন সোহেল। সেই টাকা দিতে দেরি হওয়ায় বোনকে মারধর করা হতো। মাকে হারিয়ে তার দুই বাচ্চা সারা দিন কান্নাকাটি করছে। বারবার বলছে, বাবা মাকে মেরে ঝুলিয়ে রেখেছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি আরো বলেন, ‘আমরা চার ভাই-বোন। বাবা ছোটবেলায় মারা যান। মা আমাদের বড় করেছেন। অনেক নির্যাতনের পর মায়ের কষ্টের কথা চিন্তা করে আমার বোন অনেক কিছু গোপন করতেন। নির্যাতন সহ্য করার পরও মারা যাওয়ার আগে পুলিশের কাছে যাননি।’

মুক্তার মরদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) খিলক্ষেত থানায় মামলা করেন তিনি। এজাহারে বলা হয়, বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, এমন সন্দেহে মুক্তার ওপর নির্যাতন করে আসছিলেন সোহেল শিকদার। সর্বশেষ ৩০ আগস্ট মুক্তাকে বেল্ট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই দিন মুক্তার ওপর নির্যাতনের ভিডিও তার এক স্বজনকে পাঠান সোহেল। তখন হুমকি দেন, মুক্তাকে মেরে ফেলা হবে। পরে গত বৃহস্পতিবার মুক্তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়ার খবর পান স্বজনরা।

খিলক্ষেত থানার ওসি মুহাম্মাদ সোহরাব আল হোসাইন জানিয়েছেন, গৃহবধূকে পেটানোর ভিডিওটি মৃত্যুর তিন দিন আগের এবং ঘটনার মূল অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুটির সঠিক কারণ জানা যাবে।

এদিকে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সালে স্বামীর হাতে স্ত্রী নির্যাতনের অভিযোগে কল এসেছিল ১৮ হাজার ৬২৬টি। ২০২৪ সালে অভিযোগ আসে ২৩ হাজার ৩৩টি। এর মধ্যে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ছিল ১১ হাজার ৪১৮টি। ২০২৩ সালে ২৬ হাজার ৭৯৮টি কলের মধ্যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ ছিল ৯ হাজার ৯১৩টি। ২০২২ সালে ২১ হাজার ৭১২টি কলের মধ্যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ ছিল ৬ হাজার ৫৬০টি। ২০২১ সালে ১২ হাজার ১৬৯টি অভিযোগের মধ্যে স্বামীর বিরুদ্ধে ছিল ৩ হাজার ৩৪৮টি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়