Homeসংবাদট্রেনে আগুনে নিভে গেল ৪ প্রাণ

ট্রেনে আগুনে নিভে গেল ৪ প্রাণ

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার জন নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনা হয় রাত ১০টা ২০ মিনিটে। এ ঘটনায় আরও অনেকের দগ্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ওয়ারি’র ডিসি মোহাম্মদ ইকবার হোসেন একজন নিহতের কথা দ্য বিজনেস স্ট্যান্ডর্ডকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সায়েদাবাদ স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনটিতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আর আগুন লেগে যাওয়া বগি থেকে অন্যদের উদ্ধার করতে গিয়ে মারা যান এক তরুণ।

এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার তালহা বিনবলেন, “খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের সাতটি ইউনিট বর্তমানে আগুন নেভাতে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।”

ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনটিতে আগুন লাগে।

‘এ এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আমরা প্রথমে ভেবেছিলাম কোনো বাড়িতে আগুন লেগেছে। কিন্তু পরে দেখলাম ট্রেনে আগুন ধরেছে। আমরা ধারণা করছি, ট্রেনের ভেতরে আরও অনেকে আটকা পড়ে আছেন। এখন আমরা বগিগুলোর ভেতরে যাব এবং উদ্ধারকাজ শুরু করব,’ বলেন ডিসি মোহাম্মদ ইকবার হোসেন।

ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার অপারেটর সায়েম বলেন, ‘আমরা কমলাপুর স্টেশনের প্রায় কাছাকাছি ছিলাম। এমন সময় হঠাৎ পোড়া গন্ধ পাই। এরপর এয়ার কন্ডিশনার বন্ধ করে বের হয়ে পড়ি।’

সায়েম জানান, প্রথমে চ বগিতে আগুন ধরে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত বগিগুলোতে বিজিবির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রবেশ করতে দেখা গেছে।

ট্রেনটিতে থাকা যাত্রী তাহসিন নাওয়ার প্রাচী বলেন, “ট্রেনের ‘ঙ’ বগিতে প্রথমে আগুন লাগে। আগুন লাগে গোপীবাগের রেলস্টেশনে ঢোকার ঠিক পাঁচ মিনিট আগে আউটারে।”

তিনি জানান, ট্রেনের মাঝখানের অংশে থাকা ‘ঙ’ বগিতে আগুন সাথে সাথে খুব দ্রুতই বগির সম্পূর্ণ অংশ এবং আশপাশের বগিতে আগুন ছড়িয়ে যায়।

“আগুন লাগার পর সবাই তাড়াহুড়া করে নামার সময় আউটারে পাথুরে ভূমিতে লাফ দিয়ে নামতে গিয়ে অনেকেই আহত হন। আমার বৃদ্ধ দাদীকে নিয়ে নামার সময় বাবা পায়ে অসম্ভব ব্যথা পেয়েছেন। তার পায়ের একদিক থেঁতলিয়ে গেছে,” বলেন তিনি।

এদিক ঢাকা জেলা রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে।

এ নিয়ে দেশে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো। এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে মা ও শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়