প্রাইম ভিশন ডেস্ক »
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ওয়াজ মাহফিল চলাকালে আলোচিত ধর্মীয় বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে। পরে গভীর রাতে গিয়াস উদ্দিন তাহেরী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক লাইভে এসে ভাঙচুরের ঘটনার বর্ণনা দেন। এরপর থেকেই বিষয়টি জানাজানি হয়।
এ ঘটনায় কোনো অভিযোগ পাননি বলে শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জানান ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিকুল্লাহ। তবে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি তিনি শুনেছেন।
ভাঙচুর হওয়া গাড়ির সামনে লাইভে এসে ৯ মিনিট কথা বলেন গিয়াস উদ্দিন তাহেরী। তিনি বলেন, ‘২৩ বার আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে কখনোই এ বিষয়ে আমি লাইভে আসিনি। কিন্তু এবার আসতে বাধ্য হয়েছি। কারণ আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি যাতে পাবনা যেতে না পারি সেজন্য আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা যদি আমার গাড়ির গ্লাসগুলো ভেঙে দিত দুঃখ হতো না, তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে। আমি যেন রাতের আঁধারে পাবনা যেতে না পারি তাই তারা এ কাজ করেছে।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় মাহফিল ছিল। গাড়ির চালককে নিয়ে আয়োজক কমিটির বাড়িতে খাবার খেতে যাই। সেখান থেকে খাবার খেয়ে স্টেজে চলে যাই। আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এ কাণ্ড ঘটায় দুর্বৃত্তরা।’
দুর্বৃত্তদের উদ্দেশে গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘যুগে যুগে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম ওলামারা লাঞ্ছিত হয়েছেন। এটা নতুন কোনো ঘটনা নয়। যারা এ কাজ করেছে আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ তুমি তাদের হেদায়াত দাও, যদি হেদায়াত না দাও তবে তাদের ধ্বংস করে দাও।’
জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিকুল্লাহ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। শুনেছি তাহেরী সাহেব থানায় এসে অভিযোগ দিতে পারেন। এ বিষয়ে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।’


