Homeএই মুহুর্তেচবিতে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষককে সাময়িক অব্যাহতি

চবিতে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষককে সাময়িক অব্যাহতি

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের শিক্ষকের বিরুদ্ধে তার ছাত্রীর যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রসায়ন বিভাগের অ্যাকাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ এই আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, আপনার বিরুদ্ধে রসায়ন বিভাগের শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুষ্ঠিত রসায়ন বিভাগের অ্যাকাডেমিক কমিটির সুপারিশের আলোকে আপনাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রসায়ন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে আদেশক্রমে বিরত রাখা হলো।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বলেন, ‘বিভাগের অ্যাকাডেমিক কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে উনাকে আপাত বিরত রাখা হয়েছে। অভিযোগ কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশিস পালিত বলেন, ‘আমরা কেউ ব্যাপারটাকে সমর্থন করি না। আমাদের একজন কলিগের ব্যাপারে এই রকম একটা অভিযোগ এসেছে, এর জন্য আমরা লজ্জিত। এটা একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত। ভবিষ্যতে যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে আমরা কাজ করব। আমরা এ বিষয়ে একটা স্থায়ী সিদ্ধান্ত নেব।’

বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সেলের সদস্য সচিব অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক বলেন, ‘এ বিষয়ে কাজ শুরু হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দেওয়ার চেষ্টা করব।’

বুধবার বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সেলকে মাধ্যম করে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন রসায়ন বিভাগের ২০১৭-১৮ সেশনের ওই ছাত্রী। অভিযোগপত্রে থিসিস চলার সময়ে ওই ছাত্রী সুপারভাইজারের মাধ্যমে যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হওয়ার কথা উল্লেখ করেন এবং ঘটনার ন্যায়বিচার চান। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়