প্রাইম ভিশন ডেস্ক »
শাহ আমানত বিমানবন্দর থেকে একে একে নিজেদের গুটিয়ে নিচ্ছে আন্তর্জাতিক রুটের ফ্লাইট পরিচালনা সংস্থাগুলো। এরই মধ্যে ১৩টি বিদেশি এয়ারলাইনস শাহ আমানত থেকে বিমান পরিচালনা বন্ধ করে দিয়েছে।
জানা গেছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ১৯টি এয়ারলাইনস সংস্থা ফ্লাইট পরিচালনা করলেও বর্তমানে ৬টিতে নেমে এসেছে ।
বন্ধ হওয়া এয়ারলাইনস সংস্থাগুলোর মধ্যে রয়েছে- থাই এয়ার, থাই স্মাইল এয়ার, কুয়েত এয়ার, ফুকেট এয়ার, মালিন্দো এয়ার, রোটানা এয়ার, হিমালয়ান এয়ার, রাস আল কাইমা (আরএকে) এয়ার, টাইগার এয়ারওয়েজ, সিল্ক এয়ার, ভারতভিত্তিক স্পাইসজেট বিমান, ওমান এয়ার, আলজাজিরা এয়ারওয়েজ, কুয়েতভিত্তিক এয়ারলাইনস জাজিরা এয়ারওয়েজ ইত্যাদি।
বর্তমানে এ বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনাকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা, এয়ার অ্যারাবিয়া, সালাম এয়ার ও ফ্লাই দুবাই।
এ বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, বিদেশি বিমান সংস্থাগুলো এখানে এসেছে ব্যবসা করতে। প্রয়োজন অনুযায়ী যাত্রী পাচ্ছে না বলেই বিমান সংস্থাগুলো ফ্লাইট বন্ধ করে দিচ্ছে।
তবে শাহ আমানত বিমানবন্দরের আন্তর্জাতিক রুটে বিমান বন্ধের নেপথ্যে বেশকিছু অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বিমানবন্দরের অব্যবস্থাপনা, আন্তর্জাতিকমানের সুবিধা না থাকা, অবকাঠামো, প্যাসেঞ্জারি বিল্ডিং সক্ষমতা না থাকা, প্রয়োজনীয় সংখ্যক লাগেজ বেল্ট না থাকা।
সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দর থেকে পরিচালনা বন্ধ হলেও বর্তমানে চালু থাকা এয়ারলাইনগুলোর ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা করছে।


