Homeটপ নিউজঘূর্ণিঝড় রেমাল : ভারত-বাংলাদেশে ১৯ জনের মৃত্যু, বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত

ঘূর্ণিঝড় রেমাল : ভারত-বাংলাদেশে ১৯ জনের মৃত্যু, বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশে এপর্যন্ত ১৩ জন এবং ভারতে ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ঝড়ো হাওয়া ও বৃষ্টির তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন হয় উভয় দেশের বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলের লাখ লাখ গ্রাহকের।

প্রতিবছরই গ্রীষ্মকালে বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, যা প্রায়ই বাংলাদেশ ও তৎসংলগ্ন ভারতের উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে। এবছরের প্রথম বড় ঘূর্ণিঝড়  রেমাল। তবে জলবায়ু পরিবর্তনের কারণে সাগরপৃষ্ঠের উষ্ণতা বাড়ছে। এতে গ্রীষ্মকালে আরো ঘন ঘন ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে এসব নিম্নাঞ্চল।

আবহাওয়া কর্মকর্তারা জানান, রোববার মধ্যরাতের দিকে বাংলাদেশের মোংলা বন্দর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ হয়ে অতিক্রম করে ঘূর্ণিঝড় রিমাল। স্থলভাগে আঘাত হানার পর সোমবার সকাল ৯টায় ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ে। ঝড়ের প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পরে এখন উপকূলীয় এলাকাগুলোর স্থানীয় প্রশাসন থেকে হতাহতের সংখ্যা আসছে।

দুর্ঘটনা এড়াতে উপকূলের বেশকিছু অঞ্চলে ঝড় আঘাত হানার আগেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনেক এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর গাছ উপড়ে পড়ার কারণেও– সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে রয়টার্সকে জানান বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

রয়টার্স জানিয়েছে, বাংলাদেশে প্রায় ৩০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

পশ্চিমবঙ্গের কর্তৃপক্ষ জানায়, বিদ্যুতের অন্তত ১,২০০ খুঁটি উপড়ে পড়েছে, ঝড়বৃষ্টির প্রকোপে ধসে পড়েছে ৩০০ মাটির ঘর।

তীব্র ঝড়ো বাতাসে অনেক বাড়ির টিন ও খড়ের ছাউনি উড়ে যায়। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন সংলগ্ন উপকূলের বেশকিছু বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। টানা বৃষ্টিতে নগরীর রাস্তাগুলোয় জলাবদ্ধতা তৈরি হয়ে- চলাচল ব্যাহত হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়