Homeমুল পাতাজঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ বাংলাদেশী গ্রেফতার মালয়েশিয়ায়

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ বাংলাদেশী গ্রেফতার মালয়েশিয়ায়

প্রাইম ভিশন ডেস্ক »

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল গতকাল স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা চরমপন্থী বিশ্বাস এবং সন্ত্রাসবাদের আদর্শকে কেন্দ্র করে তৈরি একটি ‘উগ্র জঙ্গি আন্দোলনে’ সরাসরি জড়িত বলে প্রমাণিত হয়েছে বলে জানান তিনি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান, পুলিশের পরিকল্পনা অনুযায়ী সেলাঙ্গর ও জোহর অঞ্চলে গত ২৪ এপ্রিল থেকে তিন ধাপে অভিযান চালানো হয়। গ্রেফতার ৩৬ বাংলাদেশীর মধ্যে পাঁচজনকে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬এ অনুচ্ছেদের আওতায় অভিযুক্ত করা হয়েছে। সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের জন্য এ আইন প্রযোজ্য। এছাড়া ১৫ জনকে নির্বাসনের আদেশ দেয়া হয়েছে এবং বাকি ১৬ জনের জঙ্গি আন্দোলনে জড়িত থাকার বিষয়ে আরো তদন্ত করা হচ্ছে।

পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এক বিবৃতিতে সাইফুদ্দিন জানান, গোষ্ঠীটি ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় চরমপন্থার বিশ্বাস ছড়াচ্ছিল। পুলিশের তদন্তে উঠে এসেছে, গ্রেফতারকৃতরা তাদের নিজ সম্প্রদায়ের মধ্যে চরমপন্থা মতাদর্শ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে একটি সেল গঠন করে। মূলত চরমপন্থায় দীক্ষিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং নিজ দেশের বৈধ সরকারকে উৎখাতের উদ্দেশ্যে এসব সেল কাজ করছিল। এমনকি নিজ দেশের সরকারকে উৎখাতের উদ্দেশ্যে লোক নিয়োগ করেছে তারা।

মালয়েশিয়ার এ কর্মকর্তা বলেন, মালয়েশিয়া কখনই কোনো বিদেশী উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার নিরাপদ ঘাঁটি হতে দেবে না। এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ অভিযান প্রমাণ করে, সরকার জাতীয় নিরাপত্তা হুমকির বিষয়ে কোনো আপস করবে না। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর ও সচেতন। মালয়েশিয়াকে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার ঘাঁটি বা উগ্রপন্থী আন্দোলনের কেন্দ্রে পরিণত করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে দ্রুততার সঙ্গে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়