প্রাইম ভিশন ডেস্ক »
ইলিশের প্রজনন রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে শেষ হবে এ নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞা শেষের সঙ্গে সঙ্গে ভোররাত থেকেই গভীর সমুদ্রে কাঙ্ক্ষিত ইলিশ শিকারে নামবেন উপকূলের জেলেরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর, মহিপুর, লতাচাপলী, ধুলাসারসহ বিভিন্ন মৎস্যঘাটে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কেউ জাল মেরামত করছেন, কেউ নৌকা পরিষ্কার করছেন, আবার কেউ বরফ সংগ্রহে বাজারে দৌড়াচ্ছেন। দীর্ঘ ২২ দিন ঘরে বসে থাকা জেলেরা এখন ইলিশ শিকারে নামার অপেক্ষায় উৎসবমুখর পরিবেশে দিন কাটাচ্ছেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশের প্রজনন রক্ষায় সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুতে নিষেধাজ্ঞা দিয়েছে। আগামীকাল মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হবে। আশা করি জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। আমরা চাই, সবাই নিয়ম মেনে চলুক, যাতে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়ে।


