প্রাইম ভিশন ডেস্ক »
হাইতিকে ৩-০ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল। আগের ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা কাটিয়ে এই জয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন সারা বিশ্বের ব্রাজিল সমর্থকেরা। সেই আনন্দে শামিল হয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাও। ম্যাচ শুরুর আগে থেকে শেষ বাঁশি বাজার পর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে হলুদ জার্সির উৎসব।
টেলিভিশন উপস্থাপিকা নীল হুরের জাহান বিশ্বকাপ উপলক্ষে ক্রীড়া উপস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন। ব্রাজিলের জয়ের পর তিনি লিখেছেন, “ব্রাজিল সাম্বার ছন্দ নিয়ে ফিরেছে, আর হাইতি লড়েছে নিজেদের সর্বশক্তি দিয়ে। মাতেউস কুনিয়ার জোড়া গোলে ৩-০ ব্যবধানে দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। অন্য ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে মরক্কো। ফলে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ব্রাজিল।”
চিত্রনায়িকা দীঘি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “চলুন, ব্রাজিলের জন্য গলা ফাটাই।”
অন্যদিকে ব্রাজিলবিরোধী শিবিরকে খোঁচা দিয়ে আরজে নীরবের সংক্ষিপ্ত মন্তব্য, “কেমন দিলাম!”
সংগীতশিল্পী বিউটি সন্তানকে সঙ্গে নিয়ে ব্রাজিলের জার্সি পরে একটি রিল ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটিতে ফুটে উঠেছে জয়ের আনন্দ।
বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কনটেন্ট নির্মাতা সাদিয়া আয়মান ও আয়মান সাদিক। স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারে সাদিয়া বলেন, “অনেকদিনের ইচ্ছা ছিল ব্রাজিলের খেলা সরাসরি দেখবো। অবশেষে বিশ্বকাপে এসে সেই স্বপ্ন পূরণ হলো।”
নির্মাতা এস এ হক অলিকও জয়ের পর মজার ভঙ্গিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “নাহ্….!! ‘ব্রাজিল’-এর সমর্থন করলেই আশাহত হই!! ভাবছিলাম আজকে ‘হাইতি’র সঙ্গে ‘ব্রাজিল’ কমপক্ষে ‘৭’ গোল দিবে। অবশেষে খণ্ডকালীন সমর্থক হিসেবে আমাকে ‘৩’ গোলেই সন্তুষ্ট থাকতে হলো। তবুও ভালো, ‘ব্রাজিল’ ধীরে ধীরে খেলায় ফিরছে।”
জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মোনালিসা নিউইয়র্ক থেকে ব্রাজিলের জার্সি পরে ছবি পোস্ট করেছেন। সেখানে অন্য ব্রাজিল সমর্থকদের সঙ্গে উদযাপনের মুহূর্তও ভাগ করে নিয়েছেন তিনি।
ম্যাচ শুরুর আগেই ব্রাজিলের জার্সি পরে ফেসবুকে পোস্ট দেন সংগীতশিল্পী শুভ্রদেব। নেইমারকে মিস করার আক্ষেপ জানিয়ে তিনি লিখেছেন, “যখন নেইমার ২২২ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনা থেকে পিএসজিতে রেকর্ড অঙ্কে যোগ দিয়েছিল, তখন কি কেউ জানতো এই খেলোয়াড়ের চোটেরও রেকর্ড হবে। তাই মনখারাপ নিয়েই ব্রাজিলের খেলা দেখবো। নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে, সেই প্রত্যাশাই করি।”
শুধু শুভ্রদেবই নন, ব্রাজিলের জার্সি পরে নিজের জনপ্রিয় গান গেয়ে একটি রিল ভিডিওও প্রকাশ করেছেন তিনি।
হাইতির বিপক্ষে ব্রাজিলের এই জয় মাঠের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। তারকাদের পোস্ট, রিল ও সরাসরি সম্প্রচারে স্পষ্ট হয়েছে—বিশ্বকাপ এলেই ফুটবল উন্মাদনায় এখনও বিশেষ জায়গা দখল করে রাখে ব্রাজিল সমর্থকদের আবেগ।


