বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img
Homeটপ নিউজআজ পবিত্র ঈদুল আজহা

আজ পবিত্র ঈদুল আজহা

প্রাইম ভিশন ডেস্ক »

মুসলিম বিশ্বের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে আজ। এদিন বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলোয় উৎসবের সঙ্গে ঈদ উদযাপন করা হবে। সামর্থ্যবান মুসলমানরা ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করবেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ। মহান আল্লাহর নিকট কোরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও বৈধ উপার্জন থাকা আবশ্যক।’

ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি প্রত্যাশা করি, প্রতিবারের মতো এবারো ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে। প্রতি বছর এ উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানরা কোরবানীকৃত পশুর গোশত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা।

রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতি বছরের মতো এবারো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়।

এবার পবিত্র ঈদুল আজহা উদযাপনে কোনো ধরনের আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া করোনা সংক্রমণ রোধে মাস্ক পরিধান, নিজ নিজ বাসা থেকে অজু করে ঈদগাহে প্রবেশ এবং মসজিদ বা ঈদগাহের অজুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে ঈদের দিন রাত ১০টার মধ্যে পশুর বর্জ্য অপসারণে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়া সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আজহা উদযাপন করে ইসলাম ধর্মাবলম্বীরা। এর পরিপ্রেক্ষিতে আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়