প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের মিরসরাইয়ে বড়তকিয়া এলাকার লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কার ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেন ও মাইক্রোবাসচালক গোলাম মোস্তফার দায় পেয়েছে তদন্ত কমিটি।
রেলওয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ দুর্ঘটনার জন্য দুইজনকে দায়ী করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মুহম্মদ আবুল কালাম চৌধুরীর কাছে পাঁচ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
বুধবার সকালে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তদন্ত কমিটি দুর্ঘটনার জন্য গেটম্যান ও গাড়িচালককে দায়ী করেছে। গেটম্যান সাদ্দাম দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন। আর গেটম্যান সাদ্দাম বর্তমানে কারাগারে আছেন।
২৯ জুলাই দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ১১ জন। ওই সময় আহত হন সাতজন। চিকিৎসাধীন সাতজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো পাঁচজন। এই ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করে রেলওয়ে। একটি তদন্ত কমিটির প্রধান করা হয় রেলওয়ের পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরমান হোসেনকে। অপর কমিটির প্রধান রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী।
এদিকে, আনসার আলীর নেতৃত্বাধীন কমিটি প্রতিবেদন জমা দিলেও এখনো প্রতিবেদন জমা দেয়নি অপর কমিটি।


