Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেযে কারণে ‘হঠাৎ’ বাড়ছে গরম

যে কারণে ‘হঠাৎ’ বাড়ছে গরম

প্রাইম ভিশন ডেস্ক »

তাপমাত্রা আরো বাড়ার ও বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হতে পারে। এছাড়া তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে আরো একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানা গেছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগ ছিল বৃষ্টিহীন। এ সময় সবচেয়ে বেশি ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।

গত কয়েকদিনে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয় এবং পরবর্তী সময়ে দুটিই নিম্নচাপে পরিণত হয়ে ভারতীয় ভূখণ্ডে নিষ্ক্রিয় হয়। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলসহ কয়েকটি স্থানে বৃষ্টি বেড়েছিল।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়