প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের বাকলিয়ার রাজাখালীতে শুঁটকির কোল্ড স্টোরেজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দেওয়াল ধসে চার পথচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে রাজাখালী জনতা কোল্ড স্টোরেজে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. তারেক (২৮), নুর হোসেন, মো.মান্নান (৩৪) ও রবিন (২২)। রাত ২টার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আশেক জানিয়েছেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, রাজাখালী এলাকার জনতা কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটি চারতলা। বিস্ফোরণে এতে আগুন লেগে যায়। আমরা রাত ১টা ৫ মিনিটে খবর পাই। পরে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


