Thursday, July 2, 2026
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামে ডেঙ্গু ভয়ংকর রূপ নিচ্ছে, ২৪ ঘণ্টায় ২ মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ভয়ংকর রূপ নিচ্ছে, ২৪ ঘণ্টায় ২ মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৭৪ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত দাড়িয়েছে ১ হাজার ৩৭৭ জনে।

রোববার (১৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ওই দুজনই পুরুষ। তাদের একজন ৪৫ বছর বয়সী মো. আবদুল মান্নান। তিনি পটিয়া উপজেলার রশিদাবাদের বাসিন্দা। গত ১৪ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হন। গত ১৫ জুলাই সেখানেই তাঁর মৃত্যু হয়।

অন্যজন ৩০ বছর বয়সী মো আলমগীর। তিনি গত শনিবার নগরীর পাঁচলাইশে পার্কভিউ হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হন। ১৬ জুলাই রবিবার সেখানেই তার মৃত্যু ঘটে। আর এই সময়ে ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ নিয়ে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৮০৭ জন ও বেসরকারি হাসপাতালে ৫৭০ চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২১ জন। ডেঙ্গুতে মৃত্যু হওয়া ১৬ জনের মধ্যে ৮ জন শিশু, ৬ জন পুরুষ ও ২ জন নারী। শুধুমাত্র জুলাইতেই এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের।

এদিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, নতুন আক্রান্তসহ চট্টগ্রামের ৩৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালসহ বিভিন্ন উপজেলার ২৫৬ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৮২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৮ জন রোগী চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অসচেতনতার কারণে এই সমস্যা বাড়ছে। এই সমস্যা নিরসনে জ্বর আক্রান্ত হওয়ার সাথে সাথে ডেঙ্গু টেস্ট এবং ডেঙ্গুর জীবাণুবাহি মশা নিধনের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়