প্রাইম ভিশন ডেস্ক »
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, নির্বাচন শেষে শপথ গ্রহণের এক মাস না যেতেই প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম পাইলট প্রকল্পের আওতাধীন ১৩ থেকে ১৪টি অঞ্চলে চলছে। পাশাপাশি খাল খনন কর্মসূচি আমরা শুরু করেছি, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ১৬ মার্চ থেকে এই কর্মসূচি শুরু করবেন।
শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী উপজেলা সরকারি যাকাত ফান্ড থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৪৭ জন গরিব ও দুস্থদের মাঝে আর্থিক চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, মুসলমান হিসেবে যাকাত আমাদের ওপর ফরজ, যাদের নির্ধারিত পরিমাণ সম্পদ রয়েছে। যারা যাকাতের টাকা নিচ্ছে বা আমরা যাকে যাকাতের টাকা দিচ্ছি, সেটি তার প্রাপ্য। এটা আমাদের কোন ঐচ্ছিক বিষয় নয় যে, কাউকে দয়া করে দিচ্ছি। তারা যে আমাদের কাছ থেকে যাকাতের টাকা নিয়ে যাচ্ছে, তিনি বরং আমাদের উপকার করছেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি যাকাত ফান্ড থেকে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান, হাটহাজারী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।


