Wednesday, July 1, 2026
spot_img
Homeচট্টগ্রামজট খুলছে আগ্রাবাদ র‌্যাম্প নির্মাণে

জট খুলছে আগ্রাবাদ র‌্যাম্প নির্মাণে

প্রাইম ভিশন ডেস্ক »

দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, বিভিন্ন সংস্থার মধ্যে চিঠি চালাচালি এবং অনুমোদন সংকট কাটিয়ে অবশেষে শুরু হয়েছে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের বহুল প্রতীক্ষিত আগ্রাবাদ র‌্যাম্প নির্মাণকাজ।

সিডিএ সূত্রে জানা যায়, লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক চালু থাকলেও আগ্রাবাদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ র‌্যাম্প নির্মাণ সম্পন্ন না হওয়ায় নগরবাসী দীর্ঘদিন ধরে উড়াল সড়কটির পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।

বিশেষ করে আগ্রাবাদে র‌্যাম্প নির্মাণ আটকে থাকায় নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় যান চলাচলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছিল না।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শুরুতে উড়াল সড়কের সঙ্গে ১৫টি র‌্যাম্প নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও আপাতত ৬টি স্থগিত রেখে ৯টি র‌্যাম্প নির্মাণের সিদ্ধান্ত হয়।

এর মধ্যে ৭টি র‌্যাম্পের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে আগ্রাবাদ র‌্যাম্পটি বাংলাদেশ বেতার, জীবন বীমা করপোরেশন, যমুনা অয়েল কোম্পানিসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি ও স্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় ভূমি অধিগ্রহণ, অনুমোদন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে দীর্ঘদিন ধরে চিঠি চালাচালির কারণে নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের পূর্ণ সুফল নগরবাসীর কাছে পৌঁছে দিতে আগ্রাবাদ র‌্যাম্প নির্মাণ অত্যন্ত জরুরি। র‌্যাম্প নির্মাণে যে প্রশাসনিক ও দাপ্তরিক জটিলতা ছিল, তা সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

আমরা নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করে চলতি বছরের নভেম্বরের মধ্যে নির্মাণ সম্পন্ন করতে চাই এবং ডিসেম্বর মাসে প্রকল্পটি উদ্বোধনের লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়