প্রাইম ভিশন ডেস্ক »
অভিনেত্রী ফারিন খান অভিনীত বিশেষ নাটক ‘রং নাম্বার’। রুবেল আনুশের গল্প ও পরিচালনায় নাটকটিতে ফারিনের সহশিল্পী হিসেবে আছেন মুশফিক ফারহান। বেশ কিছুদিন আগে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে এর শুটিং সম্পন্ন হয়েছে। তবে এখনো প্রচারের তারিখ চূড়ান্ত হয়নি।
এরই মধ্যে ফারিন অভিনীত কয়েকটি নাটক প্রচারে এসেছে এবং সেগুলো দর্শকের প্রশংসা কুড়িয়েছে। নতুন এ নাটক নিয়েও তিনি বেশ আশাবাদী।
ফারিন বলেন, ‘রং নাম্বার নামে একটি সিনেমা আগে নির্মাণ হয়েছিল, যেটি পরিচালনা করেছিলেন মতিন রহমান স্যার। অভিনয় করেছিলেন রিয়াজ ভাই ও শ্রাবন্তী আপু। সে গল্পের সঙ্গে আমাদের নাটকের গল্পের মিল নেই। এটি পুরোপুরি রুবেল আনুশ ভাইয়ের লেখা ও নির্মাণ করা। তার সঙ্গে পাঁচ-ছয়টি নাটকে কাজ করেছি, তিনি সব সময় ভীষণ যত্ন নিয়ে কাজ করেন। রং নাম্বারেও সে যত্নের ছাপ আছে।’
তিনি আরো জানান, নাটকটি বর্তমানে আরটিভিতে জমা আছে। সাধারণত তিনি ও ফারহান একসঙ্গে অভিনীত নাটক আরটিভিতে জমা হলে তা কোনো না কোনো উৎসবে প্রচার হয়। তাই তার ধারণা, নাটকটি ইংরেজি নতুন বছর, ভালোবাসা দিবস বা আসন্ন কোনো ঈদ উপলক্ষে প্রচার হতে পারে। এর আগে ফারিন অভিনয় করেছেন রুবেল আনুশের নির্দেশনায় ‘আবদার’, ‘মনের মাঝে তুমি’, ‘প্রথম প্রেমের গল্প’সহ আরো কয়েকটি নাটকে। কাজল আরেফিন অমির ‘ফিমেল থ্রি’ নাটকে তিনি উপস্থিত হয়েছিলেন মাত্র ৩০ সেকেন্ডের জন্য, যা আলোচনায়ও আসে।
সম্প্রতি প্রচারে এসেছে ফারিন অভিনীত অপু শর্মা নির্মিত নাটক ‘মেঘছায়া’, এতে তার সহশিল্পী ছিলেন সোহেল মণ্ডল।
সাম্প্রতিক সময়ে ফারিনের আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘আজান’, ‘ফায়ার ফাইটার’, ‘রূপবান’, ‘মুহূর্ত’, ‘অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ’, ‘ঠিকানা’, ‘বন্ধুত্ব নাকি ভালোবাসা’, ‘সুইচ’, ‘আহারে জীবন’ ইত্যাদি। নতুন নাটক রং নাম্বার প্রচারে এলে দর্শকের ভালো লাগবে বলেই আশা ফারিনের।


