প্রাইম ভিশন ডেস্ক »
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের খরচ এক লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা বেড়েছে। আজ বৃহস্পতিবার সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকার হজ প্যাকেজ ঘোষণা করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
গত বছর বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’-এর মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ করা হয়েছে। কোরবানি ছাড়া সর্বনিম্ন প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এ ছাড়া প্রত্যেক এজেন্সি হজযাত্রীদের চাহিদা অনুসারে বিভিন্ন প্যাকেজ করতে পারবেন।
কোরবানির খরচ প্রত্যেক হজযাত্রীকে আলাদাভাবে সঙ্গে নিতে হবে জানিয়ে শাহাদাত হোসেন তসলিম বলেন, এ বছর ৬৫ বা এর বেশি বয়সীরা হজে যেতে পারবেন। ঘোষিত প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরিফের বাইরের চত্বরের সীমানার সর্বোচ্চ দেড় হাজার মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, এ বছর কোনো এয়ারলাইন্স ডেডিকেটেড ফ্লাইট ছাড়া সিডিউল ফ্লাইটে হজযাত্রী বহন করতে পারবে না। প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা প্যাকেজের মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। বিষয়টি উল্লেখ করে হাব সভাপতি বলেন, হজযাত্রীদের হজ প্যাকেজের পুরো অর্থ শুধু সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক অ্যাকাউন্ট বা সরাসরি এজেন্সিতে জমা দিয়ে মানি রিসিট সংরক্ষণ করতে হবে। কোনোভাবেই মধ্যস্বত্ত্বভোগীদের সঙ্গে লেনদেন করা যাবে না। হজযাত্রীদের হজ প্যাকেজের পুরো অর্থ আগামী ১৫ মার্চের মধ্যে জমা করতে হবে।
এ ক্ষেত্রে হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে জানিয়ে তিনি বলেন, পাসপোর্ট করার জন্য আবেদন করার সময় হজযাত্রীকে প্রাক-নিবন্ধনে ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম নিবন্ধনের নম্বর হুবহু লিপিবদ্ধ করতে হবে। সৌদি ভিসা লজমেন্টে জটিলতা দূর করার জন্য পূর্ণাঙ্গ নামে পাসপোর্ট করতে হবে। পাসপোর্টের তথ্যপাতা স্ট্যাপলার পিন দিয়ে গাঁথা যাবে না বা অন্য কোনোভাবে ছিদ্র করা যাবে না।
প্রত্যেক হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকার সনদ লাগবে বলেও জানান হাব সভাপতি।


