প্রাইম ভিশন ডেস্ক »
মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামান নামে এক শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন।
রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী জানান, এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার ৯৪.২৫ পেয়েছেন রাফসান জামান।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৪৯ হাজার ১৯৪ জন (৩৫ দশমিক ৩৪ শতাংশ) শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ২০ হাজার ৮১৩ জন (৪২ দশমিক ৩১ শতাংশ) ছেলে এবং ২৮ হাজার ৩৮১ জন (৫৭ দশমিক ৬৯ শতাংশ) মেয়ে শিক্ষার্থী রয়েছেন। মেয়েদের মধ্যে সর্বোচ্চ নাম্বার ৮৮।
সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্তদের মধ্যে এক হাজার ৯৫৭ জন (৪৫ শতাংশ) ছেলে এবং দুই হাজার ৩৯৩ জন (৫৫ শতাংশ) মেয়ে রয়েছেন।
এর আগে গত শুক্রবার (১০ মার্চ) সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


