প্রাইম ভিশন ডেস্ক »
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিন বেসরকারি একটি পর্যটন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন। আগামী ১ জুলাই থেকে সেখানে দায়িত্ব পালন করবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘ফ্লাই টেক্সি অ্যাভিয়েশন লিমিটেড’ নামে ঐ পর্যটন সংস্থার ব্যবস্থাপনা সম্পাদক আরকে রিপন।
তিনি বলেন, শরীফ উদ্দিনকে আমাদের প্রতিষ্ঠানে নেয়ার সিদ্ধান্ত হয়। এরপর নিয়োগপত্র পাঠানো হয়। সম্প্রতি তিনি সম্মতি দিয়েছেন। ১ জুলাই থেকে আমাদের প্রতিষ্ঠানে কাজ করবেন।
জানা গেছে, ‘ফ্লাই টেক্সি অ্যাভিয়েশন লিমিটেড’ একটি রাশিয়া ও কোরিয়ানভিত্তিক প্রতিষ্ঠান। সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে তারা। এটি মূলত ফুল প্যাকেজ টুরিস্ট নির্ভর প্রতিষ্ঠান। তাদের প্রধান লক্ষ্য দেশের ৬৪ জেলায় প্রতি ঘণ্টায় হেলিকপ্টার সার্ভিস দেওয়া। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজধানীর মিরপুর ১১ অ্যাভিনিউতে।
চাকরির প্রসঙ্গে শরীফ উদ্দিন বলেন, পর্যটন সংস্থাটি আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি এজন্য তাদের ধন্যবাদ জানাই।
উপসহকারী পরিচালক হিসেবে প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। গত বছরের ১৬ ফেব্রুয়ারি অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।


